পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তুরস্কের নতুন প্রতিরক্ষা চুক্তি ন্যাটো জোটের প্রতি দেশটির বিদ্যমান অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানিয়েছে তুরস্ক।
তুরস্ক সরকারের ‘অপতথ্যবিরোধী সংস্থা’ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানায়।
তুরস্ক সরকারের অপতথ্যবিরোধী সংস্থা এক্সে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে।
পোস্টে বলা হয়, ‘চুক্তিটি ন্যাটোর কেন্দ্রীয় অঙ্গীকারসহ তুরস্কের বিদ্যমান আন্তর্জাতিক জোটগুলোর প্রতি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সাংঘর্ষিক নয়।’
সরকারি সংস্থাটি আরও বলেছে, নতুন এই চুক্তি মূলত আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহায়ক একটি অতিরিক্ত সহযোগিতা কাঠামো।
বিবৃতিতে বলা হয়, ‘আঞ্চলিক অংশীদারত্ব গড়ে তোলা তুরস্কের ন্যাটো সদস্যপদের বিকল্প নয়।’
নতুন চুক্তি নিয়ে সমালোচনা এবং বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্যের জবাব দিতে এই বিবৃতি দেওয়া হয়েছে বলেও জানায় সংস্থাটি। তারা চুক্তি নিয়ে ছড়ানো সমালোচনাকে ‘ভিত্তিহীন দাবি ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট’ হিসেবে উল্লেখ করেছে।
হুথি বিদ্রোহীদের হামলা এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে সহিংসতা চলছে, সেই পরিস্থিতির মধ্যেই শুক্রবার রিয়াদে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









