গাজীপুরে ৪২৯ বোতলে ২৭৭.৫ লিটার বিদেশি মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
শনিবার (৮ আগস্ট) দুপুরে গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শেরপুরের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. সুমন আহমেদ (২৮) এবং একই জেলার মো. ছমীর আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (২০)।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) শাহ আলম জানান, র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শেরপুর থেকে বিপুল পরিমাণ মাদক একটি মিনি কাভার্ডভ্যানে করে গাজীপুরের দিকে নেওয়া হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ভবানীপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চেকপোস্ট বসানো হয়।
তিনি বলেন, শনিবার দুপুর একটি মিনি কাভার্ডভ্যান দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা সেটির গতিরোধ করেন। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৪২৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার পরিমাণ ২৭৭.৫ লিটার। এ সময় মাদক পরিবহনের অভিযোগে সুমন আহমেদ ও জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মদ ও জব্দ করা কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









