বগুড়ার ধুনটে বাবার ওপর অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর গ্যাস ট্যাবলেট খেয়ে খান সোহান (২০) নামের এক যুবক মারা গেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার বহালগাছা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সোহান ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান করেছিলেন সোহান। এর জেরে মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে তিনি গ্যাস ট্যাবলেট খান। এরপর বাড়িতে ফিরে বাবাকে দেখতে চাইলেও অভিমানবশত বাবা তার সঙ্গে দেখা করেননি। একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি তার মাকে গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা জানান।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে সোহান তার ফেসবুক স্টোরিতে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে পোস্ট দিয়েছিলেন। এ ছাড়া মৃত্যুর আগে তিনি নিজের বিভিন্ন দেনা-পাওনাও পরিশোধ করে গিয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে বহালগাছা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









