বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ফাতেমা পারভীন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এ সংক্রান্ত ফলাফল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর বিভাগের তিনজন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁদের মধ্যে ফাতেমা পারভীন সৈয়দপুরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্য দুজন হলেন দিনাজপুরের বিরল উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজ আল মিনার এবং লালমনিরহাট সদর উপজেলার খোচবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।
শিক্ষকদের ব্যক্তিগত পারদর্শিতা, প্রাথমিক শিক্ষা-সংক্রান্ত বিধি অনুসরণ, শ্রেণিকক্ষে বিশেষ পাঠদান কৌশলের প্রয়োগ, শিক্ষার্থীদের পঠন ও হাতের লেখার দক্ষতা বৃদ্ধিতে উদ্যোগ এবং নিয়মিত পাঠ পরিকল্পনাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এ নির্বাচন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিখনফল মূল্যায়ন, শিক্ষা উপকরণ তৈরি ও ব্যবহার, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, শ্রেণি ব্যবস্থাপনা, বিদ্যালয়ের উন্নয়নে নিজস্ব উদ্যোগ এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহ দেওয়ার বিষয়গুলোও মূল্যায়নে গুরুত্ব পায়।
গুণী শিক্ষক নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ফাতেমা পারভীন বলেন, শিক্ষকতা পেশায় আসার পর থেকেই তিনি এটিকে সেবার ব্রত হিসেবে নিয়েছেন। ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, যত্নসহকারে পাঠদান, যথাযথ শিখনপদ্ধতি অনুসরণ এবং শিশুদের সৃজনশীল কাজে উৎসাহিত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, পরিশ্রম কখনো বেঈমানি করে না। আমি আমার পরিশ্রমের ফল পেয়েছি। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালোভাবে দায়িত্ব পালনে আমাকে উৎসাহিত করবে।
সৈয়দপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেছা বলেন, শিক্ষকদের সম্মানিত ও উৎসাহিত করতেই গুণী শিক্ষক নির্বাচন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে সৈয়দপুরের ফ্রি-আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বিভাগীয় পর্যায়ে এ স্বীকৃতি শুধু ফাতেমা পারভীনের ব্যক্তিগত অর্জন নয়, সৈয়দপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। তাঁর এ অর্জন অন্য শিক্ষকদেরও শিক্ষার্থীদের আরও নিবেদিতভাবে পাঠদানে উৎসাহিত করবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









