চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৩ জন ব্যক্তিকে (১ জন পুরুষ ও ২ জন নারী) অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (৯ আগস্ট) ভোর রাতে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে।
৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে মাধবখালী সীমান্তের ৭০/২-এস নম্বর সীমান্ত পিলারের কাছে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা ৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি নজরে আসামাত্র বিজিবির মাধবখালী বিওপির টহল দল শূন্যলাইনে গিয়ে তাদের প্রবেশে বাধা দেয়।
বিজিবির এমন দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা সীমান্তের শূন্যলাইন থেকে ভারতের প্রায় ৪০ গজ অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হয়। পরে সকাল আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে তারা কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যায়। এরপর সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা ৬৮/৫-এস নম্বর সীমান্ত পিলারের গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









