বগুড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
রবিবার (৯ আগস্ট) সকাল ৮টার দিকে বগুড়া শহরের ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। উদ্ধার অভিযান চলার কারণে ঢাকা-বগুড়া মহাসড়কে সাময়িকভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে অপর ট্রাক ধাক্কা দিলে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং উদ্ধারকাজ শেষ হলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









