বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমরা এখন একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছি। এটি আমাদের জন্য একটি নির্ণায়ক যুদ্ধ। পূর্বে আমরা একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আর এখন লড়াই করছি একটি গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে। এই সময়টা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। যেকোনো চক্রান্ত ছিন্ন করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনব।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নেছারাবাদে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জু সুমনের আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান আরও বলেন, চক্রান্ত থেমে নেই, এখনও ষড়যন্ত্র চলছে। দীর্ঘ সতেরো বছর পর দেশের মানুষ যে প্রত্যাশিত নির্বাচন চায়, তা বানচাল করার জন্য নানা অপচেষ্টা চলছে। তবে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের গণরায়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। এই বিজয়ের মধ্য দিয়েই আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আহম্মদ সোহেল মঞ্জু সুমনের বিজয় মানেই তারেক রহমানের বিজয়।
এ সময় জনসমাবেশে বিএনপি প্রার্থী সুমনের হাত উঁচু করে ধরে হাজার হাজার মানুষের উদ্দেশে তিনি বলেন, সুমন মঞ্জুকে আপনাদের হাতে তুলে দিলাম। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সঠিকভাবে আগলে রাখবেন এবং ধানের শীষের পক্ষে ভোট দেবেন। আমরা আগামী পাঁচ বছর আপনাদের পাশে থেকে আপনাদের দেখভাল করব।
নির্বাচনের শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় আয়োজিত এ বিশাল জনসমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রায় ত্রিশ হাজার মানুষের সমাগম ঘটে।
নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে জনসমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আকন কুদ্দুসুর রহমান, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল-বেরুনী সৈকত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন, সাবেক আহ্বায়ক মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









