নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে মোটরসাইকেলে করে যশোর শহরে এসেছিলেন স্বামী-স্ত্রী। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথেই ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী এবং ঢাকায় নেওয়ার পথে স্বামীর মৃত্যু হয়।
রবিবার (৯ আগস্ট) দুপুরে যশোর শহরতলির ক্যান্টনমেন্টের মেইন গেটসংলগ্ন সিগন্যাল ট্রেনিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ (৩৬) ও তার স্ত্রী সাবিরা খাতুন (৩৩)। তাদের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নতুন ঘরের জন্য ফার্নিচার কিনতে রবিবার সকালে স্ত্রী সাবিরা খাতুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চৌগাছা থেকে যশোর শহরে আসেন আব্দুর রশিদ। কেনাকাটা শেষে দুপুরে তারা মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা হন।
পথে ক্যান্টনমেন্টের মেইন গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্বামী-স্ত্রী দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সাবিরা খাতুনের মৃত্যু হয়।
অন্যদিকে, আব্দুর রশিদের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন আলমগীর হোসেন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই দম্পতির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক ছিল। মাথা ও বুকে গুরুতর আঘাতের পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী সাবিরা খাতুনের মৃত্যু হয়। পরে তার স্বামী আব্দুর রশিদকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনার পর ইজিবাইকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় হাইওয়ে ও কোতোয়ালি থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









