ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষায় পাশের হার শতকরা ৫৭ দশমিক ৩৯ ভাগ। এতে মোট পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ২৭৪ জন। এর মধ্যে ছেলেদের সংখ্যা ২৮ হাজার ৩৭২ এবং মেয়েদের সংখ্যা ৩১ হাজার ৯০২ জন। এ হিসাবে পাশের হারে এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবার সাফল্য দেখিয়েছে মেয়েরা।
সোমবার (১০ আগষ্ট) সকাল ১০টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৫ হাজার ২৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে ৬০ হাজার ২৭৪ জন শিক্ষার্থী। এতে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ২ হাজার ৬২১ এবং মেয়েদের সংখ্যা ৩ হাজার ৭৯ জন।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১০টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৪ টি। তবে তাৎক্ষণিকভাবে এসব প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো. সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদাত মোল্লা সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রসঙ্গত, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার এক হাজার ৩৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী ১৮৮টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহন করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









