বরিশালের গৌরনদীতে ভিক্ষা করতে গিয়ে হাতুড়িপেটার শিকার হয়েছেন ছবুরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদকাসক্ত দুই জমজ ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাদুরতলা গ্রামের মৃত শাহজাহান আকনের ছেলে শিমুল ও পলাশ আকন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে ছবুরা বেগম ভিক্ষা করতে বাদুরতলা গ্রামের শিমুল ও পলাশের বাড়িতে যান। এ সময় তাকে বাড়ির ভেতরে ডেকে নেওয়া হয়। পরে কোনো এক পর্যায়ে দুই ভাই মিলে তাকে হাতুড়ি দিয়ে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ছবুরা বেগম মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকড়কাঠী গ্রামের বাসিন্দা।
ঘটনার পর ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ করলে পুলিশ অভিযানে নামে। পরে অভিযুক্ত শিমুল ও পলাশকে গ্রেপ্তার করা হয়।
এদিকে গ্রেপ্তার দুই ভাইয়ের মা মুকুল বেগম অভিযোগ করে বলেন, তার দুই ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক কেনার টাকা জোগাড় করতে তারা প্রায়ই তাকে মারধর করতেন। ছেলেদের নির্যাতনের ভয়ে নিজের বাড়িতে থাকতেও পারছেন না তিনি। বাধ্য হয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, হাতুড়িপেটার ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধা বাদী হয়ে শিমুল ও পলাশের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার দুজনকে আজ সকালে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









