আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ শিল্পী ও প্রশিক্ষক সেলিনা মনিরের উদ্যোগে ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে বিশেষ ব্রাইডাল মেকআপ মাস্টারক্লাস ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা।
দেশের উদীয়মান নারী উদ্যোক্তা ও পেশাদার মেকআপ শিল্পীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে।
সেলিনা মনির দীর্ঘদিন ধরে বাংলাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, তার কাছ থেকে এখন পর্যন্ত ১ হাজারের বেশি নারী পেশাদার মেকআপের প্রশিক্ষণ নিয়েছেন। তাদের অনেকে দেশের বিভিন্ন জেলা ও শহরে ফ্রিল্যান্স মেকআপ শিল্পী হিসেবে কাজ করছেন। কেউ কেউ নিজস্ব ব্রাইডাল ও বিউটি স্টুডিও প্রতিষ্ঠা করে স্বাবলম্বী হয়েছেন।
সেলিনা মনির মনে করেন, দক্ষতা অর্জনের মাধ্যমে নারীদের জন্য নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা সম্ভব। এবারের কর্মশালায় আধুনিক ব্রাইডাল মেকআপের পাশাপাশি পেশাগতভাবে কাজ করার প্রয়োজনীয় বিভিন্ন বিষয় শেখানো হবে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক মানের ব্রাইডাল মেকআপ, আধুনিক প্রবণতা, ত্বক প্রস্তুতি, ক্লায়েন্টের সঙ্গে পরামর্শ, পেশাদার মেকআপ কিট ব্যবস্থাপনা এবং সৌন্দর্যবিষয়ক ব্যবসা পরিচালনার বিভিন্ন দিক হাতে-কলমে শেখার সুযোগ পাবেন।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে সেলিনা মনির জনপ্রিয় মডেল বারিশা হকের সঙ্গে একটি বিশেষ ছবি ও ভিডিও প্রচারণায় অংশ নিচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি শিগগির প্রকাশ করা হবে।
এবারের কর্মশালায় প্রধান পোশাক সহযোগী হিসেবে থাকছে এলেনি। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ব্রাইডাল পোশাক তারা সরবরাহ করবে। প্রসাধনী সহযোগী হিসেবে থাকছে দ্য বিউটি মল।
আয়োজকদের মতে, এই কর্মশালা দেশের সৌন্দর্যসেবা খাতে নতুন প্রতিভা তৈরির পাশাপাশি নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে। সেলিনা মনিরের অভিজ্ঞতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ পদ্ধতির মাধ্যমে অংশগ্রহণকারীরা দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









