লক্ষ্মীপুরে নির্বাচনী গণমিছিলে অংশ নিতে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ও সন্ধ্যায় অসুস্থ হয়ে আব্দুস সহিদ (৬০) এবং ওবায়দুল হক (৪৫) নামের ওই দুই ব্যক্তি মারা যান। তাদের মধ্যে আব্দুস সহিদ জামায়াতে ইসলামীর কর্মী এবং ওবায়দুল হক বিএনপির কর্মী বলে জানা গেছে।
মৃত আব্দুস সহিদ লক্ষ্মীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার মৃত নাছির আহমেদের ছেলে। অপরজন ওবায়দুল হক একই এলাকার আব্দুল মুনাফের ছেলে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর-৩ আসনে জামায়াতে ইসলামের প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী গণমিছিলে যোগ দিতে আসেন আব্দুস সহিদ। মিছিলে আসার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সন্ধ্যায় একই আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্বাচনী গণমিছিলে অংশ নেন ওবায়দুল হক। মিছিল চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহসিন কবির মুরাদ বলেন, সহিদ মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের একজন কর্মী ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশ নিয়েছিলেন। অসুস্থ হয়ে তার মৃত্যু হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
সদর হাসপাতালের আরএমও অরুপ পাল জানান, দুজনকেই আলাদাভাবে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









