গোপালগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। রোববার রাতে জেলা শহরের মৌলভীপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—মো. আশিকুর রহমান মিনার (৩৩), মো. আতিকুর রহমান হামিম (৩১), তাজবির শেখ (২৩) ও রিফাত হাসান উজ্জ্বল (৩৩)। আহতদের মধ্যে পুলিশ সদস্য মো. আতিকুর রহমানসহ তিনজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়ির পাশের বতু দাঁড়িয়ার সঙ্গে মো. শামসুল আলম মিটুর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে রোববার সকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে বিকেলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ বৈঠক বসে। সেখানে জায়গা ভাগাভাগির মাধ্যমে বিরোধের সমাধান করা হয়। সালিশ শেষে সবাই চলে যাওয়ার পর বতু দাঁড়িয়ার ছেলে রাজিব দাঁড়িয়ার শ্যালক সোহান তার লোকজন নিয়ে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিটুর পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন আহতরা।
এ সময় ছুরি ও কুড়ালের আঘাতে পুলিশ সদস্য মো. আতিকুর রহমান, তার বড় ভাই মো. আশিকুর রহমান এবং প্রতিবেশী তাজবির শেখ ও রিফাত হাসান উজ্জ্বল আহত হন। একপর্যায়ে প্রতিবেশীরা তাদের রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও আঘাত করে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।
আহত পুলিশ সদস্য মো. আতিকুর রহমান বলেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপিতে) কর্মরত আছেন। ছুটিতে বাড়িতে এসেছিলেন। পুরোনো বাড়ি ভেঙে নতুন করে বাড়ি নির্মাণের প্রস্তুতি চলছিল। এ সময় পাশের বাড়ির বতু দাঁড়িয়া কাজে বাধা দেন। পরে স্থানীয়দের সালিশে বিষয়টির সমাধান করা হয়। তবে সালিশ শেষে সবাই চলে যাওয়ার পর সোহান তার লোকজন নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ ঘটনায় তিনি সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনাটি তারা জানতে পেরেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









