রাজশাহীতে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ৪১২ জন পরীক্ষার্থীর নম্বর নিয়ে ভুলের অভিযোগ উঠেছে। ৫০ নম্বরের পরিবর্তে ওই পরীক্ষার্থীদের ২৫ নম্বর দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরে তারা রাজশাহী নগরীর লক্ষ্মীপুর গার্লস স্কুল কেন্দ্রে গিয়ে প্রধান শিক্ষক আইরিন জাফরকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তারা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
অভিযোগ অনুযায়ী, রাজশাহী কলেজিয়েট স্কুল ও হাজি মুহম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ৪১২ জন পরীক্ষার্থী লক্ষ্মীপুর গার্লস স্কুল কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। কেন্দ্র থেকে তাদের ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে ৫০-এর পরিবর্তে ২৫ নম্বর করে দেওয়া হয়। এতে ফলাফল প্রকাশের পরে বিষয়টি নজরে আসে শিক্ষার্থীদের। এরপর দুপুর দেড়টার দিকে শিক্ষার্থী ও অভিভাবকরা গিয়ে লক্ষ্মীপুর গার্লস স্কুলের প্রধান শিক্ষকে ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন। এক পর্যায়ে তারা স্কুলের শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, কেন্দ্রের ভুলের কারণে তাদের ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ভালো ফলের প্রত্যাশায় থাকা শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।
কেন্দ্র সচিব আইরিন জাফর বলেন, ‘‘লক্ষ্মীপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবার ৪৫২ জন পরীক্ষার্থী ছিল। ক্যারিয়ার শিক্ষা বিষয়ে সাধারণত প্রত্যেক পরীক্ষার্থীকে ৫০ নম্বর দেওয়া হয়। কিন্তু ভুলবশত প্রথমে প্রত্যেকের নম্বর ২৫ করে দেওয়া হয়েছিল। বিষয়টি জানার পর ফল সংশোধন করে পূর্ণ নম্বর দেওয়ার জন্য শিক্ষা বোর্ডে চিঠি পাঠানো হয়। তবে চূড়ান্ত ফল প্রকাশের সময় সেই সংশোধন কার্যকর হয়নি।’’
তিনি বলেন, ‘‘বিষয়টি ইচ্ছাকৃত কোনো ভুল নয়। সংশোধনের জন্য শিক্ষা বোর্ডকে আগেই জানানো হয়েছিল। এখন পরীক্ষার্থীদের ফলাফল সংশোধন করা হবে। তবে এই ভুলের কারণে তাদের জিপিএতে কোনো হেরফের হবে না।’’
রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক আব্দুর রউফ বলেন, ‘‘দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব আইরিন জাফরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশের সফটওয়্যার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করে ওই কেন্দ্রের সব পরীক্ষার্থীর ক্যারিয়ার শিক্ষা বিষয়ে পূর্ণ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









