বরগুনার তরুণ সমাজকে সংগঠিত করে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে বরগুনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুব সংগঠন জাতীয় যুবশক্তির নবগঠিত জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগষ্ট) বরগুনা প্রেস ক্লাবে আয়োজিত সভায় নবগঠিত কমিটির আহ্বায়ক সৈয়দ নাঈম, সদস্য সচিব মীর নিলয় ও মুখ্য সংগঠক এম. শাহাদাৎ হোসেনসহ জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বরগুনা প্রেসক্লাবের সাংবাদিক, এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন।সভায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে দক্ষ, সংগঠিত ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত করতে জাতীয় যুবশক্তি কাজ করবে। বরগুনার প্রতিটি উপজেলা ও পৌরসভায় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি নতুন নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
তারা আরো বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে তরুণদের সচেতন ও সক্রিয় করা হবে।সভায় আগামী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন এবং পর্যায়ক্রমে জেলার সব উপজেলা ও পৌর কমিটি গঠনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
সভা শেষে বরগুনায় জাতীয় যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









