বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রির দায়ে রাজশাহীর একটি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে বিএসটিআইয়ের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্পনগরী এলাকায় এ অভিযান পরিচালনা করে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহী। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদনকারী রোজা বেকারি প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করেই জন্মদিনের কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। এছাড়া কেক উৎপাদনে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ এবং নন-ফুডগ্রেড উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা হোসেন-এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযান চলাকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে এবং ভোক্তাদের জন্য গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









