নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলো রূপগঞ্জের বেইলারটেক এলাকার কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৬) এবং আক্তার হোসেনের ছেলে রুদ্র (১৭) বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০০ ফিট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল উল্টো পথে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ইয়ামিন ও রুদ্রের মৃত্যু হয়। আহত অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, সড়কে উল্টো পথে চলাচল ও বেপরোয়া গতির কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তারা যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করা এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
তবে এ ঘটনায় ট্রাকচালকের পরিচয়, আহত ব্যক্তির বিস্তারিত পরিচয় এবং পুলিশের পরবর্তী আইনগত পদক্ষেপ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচল এলাকায় ঘুরতে বের হয়েছিলেন। ভূঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইয়াছিন ও রুদ্র নিহত হন। এ সময় শ্রাবণ মিয়া গুরুতর আহত হন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









