মাদক নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে পটুয়াখালীর দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউএনওর বিরুদ্ধে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য দেন মোসা. স্বর্ণা আক্তার, মো. আমিনুল ইসলাম, মো. মাহাবুব খলিফা, আ. রহমান ও মো. নাজেম সরদার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তালিকায় প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে বিতর্কিতদের নাম দেওয়া হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী জানান, নিয়ম মেনেই ফ্যামিলি কার্ডের তালিকা করা হয়েছে। কোনো অনৈতিক সুবিধা বা সুপারিশ রাখা হয়নি বলেই একটি পক্ষ এসব অভিযোগ তুলছে। পাশাপাশি এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব থাকায় মাঝেমধ্যে কাজের চাপে সেবাপ্রার্থীদের সময় দেওয়া কঠিন হয়ে পড়ে বলে তিনি উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









