গাজীপুরের কালিয়াকৈরে শারীরিক পরিবর্তনের পর নতুন পরিচয়ে সামনে এসেছে কাবির দেওয়ান নামে এক শিক্ষার্থী। সদ্য প্রকাশিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ‘কেয়া আক্তার’ নামে অংশ নিয়ে সে জিপিএ ৪.৫৬ পেয়েছে।
সোমবার (১০ আগষ্ট) ফল প্রকাশের পর কাবিরের এই সাফল্যের খবর ছড়িয়ে পড়লে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই তার ফলাফল জানতে বাড়িতে ভিড় জমাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের দেলদুয়ারের বাসিন্দা কাইয়ুম দেওয়ান ও কণিকা ইসলাম দম্পতির সন্তান কাবির পরিবারের সঙ্গে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের কামরাঙ্গীচালা এলাকায় থাকে। সে স্থানীয় ধানসিঁড়ি পাবলিক স্কুল থেকে কেয়া আক্তার নামে এসএসসি পরীক্ষা দিয়েছিল।
তার মা কণিকা ইসলাম জানান, ২০২৫ সালের শেষ দিকে সন্তানের শারীরিক পরিবর্তন নজরে আসলে চিকিৎসকের পরামর্শ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে পরিবারের সিদ্ধান্তে তার নাম রাখা হয় আব্দুর রহমান কাবির দেওয়ান।
নতুন এই যাত্রায় পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে কাবির দেওয়ান বলে, "আমি ভবিষ্যতে ভালো চাকরি করে পরিবার ও দেশের সেবা করতে চাই।" তবে অনাকাঙ্ক্ষিত উৎসুক মানুষের ভিড়ে পরিবার বিব্রতবোধ করায় স্থানীয়দের প্রতি কাবিরের ব্যক্তিগত গোপনীয়তা ও শিক্ষার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, সে ইতিপূর্বে কেয়া আক্তার নামেই নিয়মিত ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









