কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় প্রথমবারের মতো এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফুল তুলে দেওয়া হয়।
আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সভাপতি মোঃ সেলিম রেজা সভাপতিত্বে ও নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান লস্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লারদর্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোঃ মহসিন আলী, সংগঠনের উপদেষ্টা মোঃ সাইদুল আনাম, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর হোসেন ও আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান।
এসময় বক্তারা বলেন, আল্লারদর্গার ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য অনুপ্রেরণা জোগাবে। তারা শিক্ষার্থীদের মেধার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে গড়ে ওঠার আহ্বান জানান।
সংগঠনের প্রতিষ্ঠাতা কামরান আহমেদ রাজীব বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মান জানানো শুধু একটি অনুষ্ঠান নয়, বরং আগামী প্রজন্মকে স্বপ্ন দেখানোর উদ্যোগ। শিক্ষা, ক্রীড়া, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









