পাবনার আটঘরিয়া উপজেলার কুমারগাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অবৈধভাবে পরিচালিত একটি পেট্রোলের দোকানসহ চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় ‘মাতৃছায়া’ ক্যাডেট স্কুলের দ্বিতীয় তলাও ক্ষতিগ্রস্ত হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কুমারগাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি জেনারেটর থেকে স্পার্কিংয়ের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ তোরাব আলী ভূঁইয়ার পেট্রোলের দোকান, আয়নাল বিশ্বাস ও আবুল হোসেনের দুটি ওষুধের দোকান এবং একটি ভুষিমালের দোকান পুড়ে যায়।
আটঘরিয়া ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আটঘরিয়া থানার ওসি নাজমুল হক জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে বাজারে অবৈধভাবে পেট্রোল বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









