পাবনার সুজানগরে অপহরণের ১৫ দিন পেরিয়ে গেলেও ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করা যায়নি। মেয়েকে ফিরে না পাওয়ায় অজানা আশঙ্কায় দিন কাটাচ্ছে তার পরিবার। এ ঘটনায় সুজানগর থানায় অপহরণ মামলা করা হলেও এখনো মেয়েটির সন্ধান মেলেনি।
মামলা ও পরিবার সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের ওই শিক্ষার্থী স্থানীয় উদয়পুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে একই গ্রামের মিজান শেখের ছেলে রাতুল শেখ (২১) দীর্ঘদিন ধরে তাকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, গত ২২ জুলাই সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে পূর্ব থেকে ওত পেতে থাকা রাতুল শেখসহ কয়েকজন ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে শিক্ষার্থীর বাবা সৌদি আরবে থাকায় তার মা বাদী হয়ে ২৭ জুলাই সুজানগর থানায় অপহরণ মামলা করেন। মামলায় রাতুল শেখসহ আরও চারজনকে আসামি করা হয়েছে।
শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, মামলা করার পরও মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। মামলার কয়েকজন আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এছাড়া মামলা তুলে নিতে অভিযুক্তদের পরিবারের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মেয়েকে দ্রুত উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
সুজানগর থানার ওসি (তদন্ত) লালবুর রহমান মঙ্গলবার জানান, অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার ও মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









