সিলেট নগরের রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাঁদের গৃহকর্মীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন বাড়ির মালিক আব্দুস সাত্তার (৮২), তাঁর স্ত্রী সুরাইয়া বেগম (৭২) ও তাঁদের গৃহকর্মী তাহমিনা (১৫)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (উত্তর) উপকমিশনার মোহাম্মদ সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকিরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে আঘাত করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি।
তিনি বলেন, বাসার আলমারি ও ওয়ারড্রব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালংকার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ কমিশনার আরও বলেন, বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়ারা সকালে ওই বাসা থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও বিশেষায়িত দল কাজ করছে।
তিনি বলেন, ক্রাইম সিন সংরক্ষণ করে তদন্ত চলছে। আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন তথ্যের সহায়তায় দ্রুত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









