মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুলের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে গাজী নুরুজ্জামান বাবুলের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক জীবন, নেতৃত্ব ও আদর্শ নতুন প্রজন্মকে দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করতে অনুপ্রাণিত করবে।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন।
এসময় বক্তব্য দেন পিরোজপুর জেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম খান, সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম সাখাওয়াত হোসেন, পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ্কে শহীদ, এবং প্রয়াত গাজী নুরুজ্জামান বাবুলের ছেলে গাজী কামরুজ্জামান শুভ্র।
আলোচনা শেষে গাজী নুরুজ্জামান বাবুলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গাজী নুরুজ্জামান বাবুল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরের সুন্দরবন অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ উপকূল মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন। ২০২৪ সালের ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









