জনরোষে হামলার শঙ্কায় গোপালগঞ্জ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) কার্যালয় ও বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ভোররাত থেকে গোপালগঞ্জ বিদ্যুৎ অফিসের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ সদস্যরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ অফিসে পুলিশ সদস্যরা অবস্থান করছেন। বিদ্যুৎ সরবরাহ নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভ বাড়ায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোপালগঞ্জ পৌর এলাকায় ওজোপাডিকোর গ্রাহক রয়েছেন ৩০ হাজারেরও বেশি। এসব গ্রাহকের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য প্রয়োজন প্রায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ। তবে জাতীয় গ্রিড থেকে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। ফলে চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, এক ঘণ্টা পরপর লোডশেডিং হওয়ায় দিনে ১২ থেকে ১৫ বার পর্যন্ত বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বিদ্যুৎনির্ভর ব্যবসা প্রতিষ্ঠান।
ব্যবসায়ী মিলন সরকার বলেন, ‘‘বিদ্যুৎ না থাকায় দোকানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। ফ্রিজ, কম্পিউটারসহ কোনো যন্ত্র ঠিকমতো চালানো যাচ্ছে না। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে।’’
প্রতিষ্ঠান মালিক মুরসালিন ভুঁইয়া বলেন, ‘‘আমাদের প্রতিষ্ঠানের অধিকাংশ কাজই বিদ্যুৎনির্ভর। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় কাজ বন্ধ রাখতে হচ্ছে। জেনারেটর চালাতে অতিরিক্ত খরচ হচ্ছে। এভাবে চললে প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়বে।’’
শিক্ষিকা লাবনী অধিকারী বলেন, ‘‘তীব্র গরমের মধ্যে এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসায় শিশু ও বয়স্ক মানুষ রয়েছে। বিদ্যুৎ না থাকলে প্রচণ্ড কষ্ট হয়। দ্রুত এই সমস্যার সমাধান করা দরকার।’’
৬০ উর্ধ্ব আরেক ভুক্তভোগী জমির হোসেন বলেন, “দিনে কতবার বিদ্যুৎ যায় তার হিসাব নেই। কোনো কাজই কিছুই ঠিকমতো করা যাচ্ছে না। গরমের মধ্যে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।’’
শুধু জনজীবন নয়, ঘন ঘন লোডশেডিংয়ের প্রভাব পড়েছে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক কার্যক্রমেও। ফলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এদিকে, ঘন ঘন লোডশেডিংকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রাহকদের হামলার আশঙ্কা করছে ওজোপাডিকো কর্তৃপক্ষ। এ কারণে বিদ্যুৎ অফিস ও সঞ্চালন কেন্দ্রে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সুপারের কাছে চিঠি দিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী।
গোপালগঞ্জ ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী বলেন, “জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় আমরা কম বিদ্যুৎ পাচ্ছি। গড়ে চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে।”
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, “বিদ্যুৎ না থাকলে অনেক সময় সাধারণ জনগণ ক্ষেপে গিয়ে বিদ্যুৎ অফিসে হামলা করতে পারে। সে আশঙ্কায় নিরাপত্তা জোরদারের জন্য পুলিশ সুপার বরাবর চিঠি দেওয়া হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









