ময়মনসিংহে দ্রুতগতির এক ডাম্প ট্রাকের ধাক্কায় জসিম (৩২) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম (৩২) সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের সুহিলা পশ্চিমপাড়া এলাকার হাতেম আলী সরকারের ছেলে। তিনি একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন।
এদিকে একই সময়ে ঢাকা-ময়মনসিংহ সড়কের চুরখাই এলাকায় আরো এক পথচারীকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার পরিচয় এখনো জানাতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, পারিবারিক কাজে শহরে গিয়েছিলেন জসিম। রাতে শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান জসিম। পরে বিক্ষুব্ধ জনতা ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। তবে তার আগেই পালিয়েছেন চালক। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন।
কাওছার আল হাবীব/ এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









