মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা জাজিরা এলাকা থেকে মানব পাচার মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন আসমা বেগম (৩৮)। তিনি মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার শাহ আলম খাঁর স্ত্রী।
মাদারীপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় আসমা বেগম দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পাঁচখোলা জাজিরা এলাকায় অভিযান চালিয়ে মানব পাচার মামলার পলাতক আসামি আসমা বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাদারীপুর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, মানব পাচারের মতো গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে হত্যা, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গ্রেপ্তার আসমা বেগমের বিরুদ্ধে সংশ্লিষ্ট মানব পাচার মামলায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশ আরও জানিয়েছে, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









