দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ব্যস্ততায় আপাতত ছেদ পড়েছে। ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে নাচের একটি দৃশ্য করতে গিয়ে নিতম্বের পেশিতে চোট পেয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে এখন বাড়িতেই বিশ্রামে আছেন অভিনেত্রী।
চোটের কারণে আপাতত শুটিং থেকে দূরে রয়েছেন রাশমিকা। আঘাতের প্রভাব পড়েছে তার স্বাভাবিক চলাফেরাতেও। দৌড়ানো, শরীরচর্চা কিংবা পা তোলার মতো সাধারণ কাজও এখন তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
এর আগেও ২০২৫ সালের শুরুতে শরীরচর্চা করতে গিয়ে চোট পেয়েছিলেন রাশমিকা। সেই সময় পায়ে সমস্যার কারণে কয়েকটি সিনেমার শুটিংও পিছিয়ে দিতে হয়েছিল। পরে সুস্থ হয়ে আবারও ব্যস্ত শুটিং সূচিতে ফিরেছিলেন তিনি।
‘মাইসা’ সিনেমার কাজও বেশ পরিশ্রমসাধ্য। নাচের পাশাপাশি এতে শারীরিক পরিশ্রমের দৃশ্য রয়েছে। আগের চোট কাটিয়ে দ্রুত স্বাভাবিক ব্যস্ততায় ফেরার পর এবার আবারও চোট পাওয়ায় বিশ্রামে যেতে হয়েছে তাকে।
তবে এই বিরতিকে কেবল দুর্ভোগ হিসেবে দেখছেন না রাশমিকা। বরং ব্যস্ততার কারণে এত দিন নিজের জন্য যে সময় বের করতে পারেননি, এখন সেটিই উপভোগ করছেন। বাড়িতে ঘুমানো, বই পড়া, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পোষ্যের সঙ্গে সময় কাটিয়েই সময় পার করছেন অভিনেত্রী।
এমনকি ব্যস্ততার কারণে আগে দেখা হয়ে ওঠেনি, এমন বিয়ের ছবি ও ভিডিও দেখারও সুযোগ পাচ্ছেন তিনি। এই বিশ্রামের সময় রাশমিকা উপলব্ধি করছেন, সবসময় ব্যস্ততার মধ্যে ছুটে চলার প্রয়োজন নেই; শরীর ও মনের জন্যও সময় দেওয়া জরুরি।
সুস্থ হয়ে আবার ক্যামেরার সামনে ফেরার অপেক্ষায় রয়েছেন রাশমিকা। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামেই দিন কাটছে তার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









