ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে শংকর মন্ডল (২৮) নামে এক যুবককে একটি ধানের চাতালের মিলঘরে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ধান-চাল ব্যবসায়ী ওয়াজেদ হাজীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় বাড়ি ফেরার পর ভোরে শংকর মন্ডলের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর ধামরাই পৌরসভার পশ্চিম কাহেতপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
পরিবারের অভিযোগ, চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে শংকর মন্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ওয়াজেদ হাজীর নেতৃত্বে তার ধানের চাতালের ভেতরে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। রাত প্রায় ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভোরে শংকরের মৃত্যু হয়।
নিহতের পরিবারের দাবি, আটকে রেখে নির্যাতনের কারণেই শংকর গুরুতর অসুস্থ হয়ে মারা গেছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
অভিযোগের বিষয়ে ওয়াজেদ হাজীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর পশ্চিম কাহেতপাড়া এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









