ময়মনসিংহের ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজে পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের সহধর্মিণী মোস্তেকা আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাশার, সাবেক অধ্যক্ষ সেলিমুল হক তরফদার, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, গভর্নিং বডির সদস্য হারুনুর রশিদসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তেকা আনোয়ার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
তিনি শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাঙ্গণে বেশি করে গাছ লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে কলেজ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









