অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ‘ইএফটি’ ও ‘আইবিএএস++’ পদ্ধতির মাধ্যমে প্রদান উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।
একই সময়ে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের ‘পায়রা’ সম্মেলন কক্ষ থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের প্রাপ্য অবসর ও কল্যাণ সুবিধার অর্থ যথাযথ সম্মান ও মর্যাদার সঙ্গে প্রদান এবং পুরো কার্যক্রম স্বচ্ছ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
বক্তারা বলেন, ‘ইএফটি’ ও ‘আইবিএএস++’ পদ্ধতির মাধ্যমে অর্থ প্রদান সরকারি সেবাকে আরও আধুনিক, জবাবদিহিমূলক ও ভোগান্তিমুক্ত করেছে। এ উদ্যোগের ফলে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা দ্রুত সময়ের মধ্যে নিরাপদ ও স্বচ্ছ প্রক্রিয়ায় তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে অবসর সুবিধা বিতরণ সরকারের সেবার মানোন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে আরও কার্যকর ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









