পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল—‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মৎস্য সম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য চাষিদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়।
রবিবার (১৬ আগস্ট) অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে।
উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হওয়া এই র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, প্রান্তিক জেলে, মৎস্য খামারি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়, যা মৎস্য সম্পদ বৃদ্ধিতে প্রতীকী ভূমিকা পালন করে। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
আলোচনায় মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, ইলিশসহ অন্যান্য রুপালি মৎস্য সম্পদ দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাই এই সম্পদ রক্ষায় বর্তমান সরকার বদ্ধপরিকর এবং স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়ন জোরদার করা হচ্ছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রাণিসম্পদ কর্মকর্তা আমিরুল ইসলাম সোহাগ, মির্জাগঞ্জ থানার এসআই মো. মামুন মিয়া, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিলন বিশ্বাস। এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, তথ্য বিষয়ক সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়জীদ এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজনসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সফল মৎস্য চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এই ধরনের আয়োজন দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে স্থানীয়রা মনে করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









