কলম্বিয়া ও ইন্দোনেশিয়ার পর দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (১৬ আগস্ট) দেশটির উপকূলের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভানুয়াতুর ছোট উপকূলীয় গ্রাম পোর্ট অলরির প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পের গভীরতা ছিল ভূপৃষ্ঠের ১৮৮ কিলোমিটার নিচে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ভানুয়াতুর প্রাকৃতিক দুর্যোগবিষয়ক কর্তৃপক্ষও তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করেনি।
ভানুয়াতু ভূমিকম্পপ্রবণ একটি দ্বীপরাষ্ট্র। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এ অঞ্চলে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রবণতা বেশি।
ভানুয়াতুতে এ ভূমিকম্পের আগে কলম্বিয়া ও ইন্দোনেশিয়াতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ইন্দোনেশিয়ায় শনিবার (আগস্ট) ভোরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর শতাধিক পরাঘাত অনুভূত হয়। এতে ৫১ জন নিহত হয়েছেন।
এর আগে গত সোমবার কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









