লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সেগুনবাগিচার পূর্ত ভবনের সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) রয়েছেন।
লটারির মাধ্যমে সহকারী প্রকৌশলী (সিভিল ও ই/এম) হিসেবে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১০০ জন, রাজশাহী বিভাগে ২০ জন, চট্টগ্রামে ৩৪ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুরে ১৭ জনকে বদলি-পদায়ন করা হয়েছে।
অন্যদিকে উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল ও ই/এম) পদে ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ৭৯ জন, রাজশাহীতে ১৮ জন, চট্টগ্রামে ৩২ জন, খুলনায় ২০ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, ময়মনসিংহে ৭ জন এবং রংপুরে ১৫ জনকে বদলি-পদায়ন করা হয়।
বদলি ও পদায়নে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে এ লটারির আয়োজন করা হয়। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুহাম্মদ সারওয়ার জাহান ও স্বপন চাকমা উপস্থিত ছিলেন।
এ ছাড়া গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের ও আশ্রাফুল হক, উপসচিব খান মো. নাজমুস শোয়েব ও উপসচিব মো. আবু নাছেরসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ জুলাই লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এবং ৩ আগস্ট ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে বদলি করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









