ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে হারের পর স্টিভেন স্মিথ অকপটেই বললেন, ‘‘বাংলাদেশই অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে।’’ অস্ট্রেলিয়ার খারাপ খেলার চেয়ে স্মিথ বাংলাদেশের ভালো পারফরম্যান্সকেই গুরুত্ব দিচ্ছেন।
হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘‘হারের কারণটা খুবই সরল। বাংলাদেশ আমাদের উড়িয়ে দিয়েছে।’’
বাংলাদেশের পেসারদের প্রশংসা করে স্মিথ বলেন, ‘‘প্রথম দিন সকালে বাংলাদেশ দারুণ বোলিং করেছে। তারা খুবই ডিসিপ্লিনড ছিল। আমাদের ব্যাটসম্যানরা ততটা ডিসিপ্লিনড ছিল না।’’
দ্বিতীয় ইনিংস নিয়ে তিনি বলেন, ‘‘দ্বিতীয় ইনিংসে আমাদের ব্যাটসম্যানরা ভালো করেছে। তবে প্রথম ইনিংসের লিডটা অনেক বেশি ছিল, সেটা আমাদের নাগালের বাইরে ছিল। উইকেট যদিও ভালো ছিল। অনেকে ভালো শুরু পেয়েছিল, তবে ইনিংস বড় করতে পারেনি।’’
স্মিথ আরও বলেন, ‘‘গ্রিন দারুণ একটা সেঞ্চুরি করেছে, তবে তাকে সঙ্গে দেওয়ার লোক ছিল না। টেস্ট জিততে কমপক্ষে ২০০–এর বেশি রানের লক্ষ্য দেওয়া দরকার ছিল। আর যেটা আগেই বললাম, আমাদের বাংলাদেশ উড়িয়ে দিয়েছে।’’
স্মিথ অবশ্য এই হারকে খুব বড় করে দেখতে চাচ্ছেন না। তিনি বলেন, ‘‘আমরা অনেক দিন ধরে ধারাবাহিক ক্রিকেট খেলছি। এই সপ্তাহটাই শুধু খারাপ গেছে। হ্যাঁ, আমরা অনেক কিছু ভালো করতে পারতাম। তবে বাংলাদেশ যেভাবে খেলেছে, তাদের কৃতিত্ব দিতে হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









