গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় সামনে থাকা একটি গাড়ির পেছনে মিনি কাভার্ড ভ্যানের ধাক্কায় আল আমিন শিকদার (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) সকালে হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন শিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রকিবুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে কাভার্ড ভ্যানটির সামনের অংশ কেটে চালক আল আমিন শিকদারের মরদেহ উদ্ধার করা হয়। এরপর মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুল জানান, সকালে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল মিনি কাভার্ড ভ্যানটি। হোতাপাড়া এলাকায় পৌঁছালে সেটি সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আল আমিন শিকদার নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









