কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য ট্রাস্টি বোর্ডের ফান্ড থেকে ৮৩ পরিবারের মাঝে ৩ কোটি ১৭ লাখ টাকার মঞ্জুরীকৃত অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ৮৩ জন ব্যক্তি ও তাদের পরিবারের মাঝে এ অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫টি পরিবারের অনুকূলে মোট ২ কোটি ৭৫ লাখ টাকা (পরিবার প্রতি ৫ লাখ টাকা) এবং আহত ২৮ জনের চিকিৎসার্থে মোট ৪২ লাখ টাকা আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়। নীতিমালার বিধান অনুযায়ী, দুর্ঘটনায় অঙ্গহানি বা গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং সামান্য আহতদের ১ লাখ টাকা করে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে এবং কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরটিএ সদর কার্যালয়ের (ঢাকা) পরিচালক (অপারেশন) ও যুগ্ম সচিব মোছাম্মাৎ মমতাজ বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, খুলনা বিভাগীয় বিআরটিএ-এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) তানভির আহমেদ, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে চালক ও পথচারী উভয়েরই ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতন হওয়া প্রয়োজন। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি পূরণ হওয়ার নয়, তবে সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারগুলোর দুর্দশা কিছুটা হলেও লাঘব করবে বলে আশা প্রকাশ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









