বায়ুদূষণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রবিবার (১৬ আগস্ট) জেলা সদর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংমাচিং মারমার নেতৃত্বে সদর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এ অভিযান পরিচালনা করে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানকালে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
জরিমানার মধ্যে পিলকুনি, কুতুবপুরের আক্তার ইস্পাত ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লাখ টাকা, একই এলাকার মেসার্স আল বাকারা স্টিল ও রি-রোলিং মিলস লিমিটেডকে ৩০ হাজার টাকা এবং নন্দলালপুরের সাজ্জাদ ইন্টারলাইনিংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









