নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ের কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
স্থানীয়দের অভিযোগ, ছয় লেনের এশিয়ান হাইওয়ে নির্মাণের কাজ চললেও কালাদী এলাকায় সড়কের দুই পাশে বসবাসকারী প্রায় ছয় হাজার মানুষের নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখা হয়নি। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হচ্ছেন।
গত ৭ আগস্ট এলাকাবাসী কালাদী এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। এরই ধারাবাহিকতায় সোমবার কয়েকশ নারী-পুরুষ প্রথমে মানববন্ধন ও পরে সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। আগামী বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আশ্বাস পেলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, ছয় লেনের সড়ক চালুর আগেই কালাদীতে আন্ডারপাস নির্মাণের কার্যকর সিদ্ধান্ত নিতে হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









