কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কারেন্ট জাল, চায়না জাল ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামাল ও মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ৫ কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৬ আগস্ট রাত ১০টার দিকে চরচিলমারী বিওপির আওতায় পদ্মা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৭ বিজিবির একটি টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫,০৫০ কেজি ভারতীয় কারেন্ট জাল এবং ৪,৮৪৫ কেজি চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৫ কোটি ৭৩ লক্ষ ৮০ হাজার টাকা। পরে জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী জব্দকৃত জালসমূহ ব্যাটালিয়ন সদরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
অন্যদিকে, ১৮ আগস্ট রাত পৌনে ২টার দিকে রংমহল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩৭/২-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অপর একটি অভিযান চালানো হয়। সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ এবং পদ্মা নদীতে অবৈধ মৎস্য আহরণ বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









