পটুয়াখালীর দশমিনা উপজেলার আদমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি পদে পরিবর্তন আনা হয়েছে। সাবেক সভাপতি আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিনকে সরিয়ে নতুন সভাপতি হিসেবে অ্যাডভোকেট সৈয়দ মো. আবু জাফর (রেজবী)কে মনোনয়ন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
রবিবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. এ. কে. মুহা. নুরুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশে সভাপতি পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, এর আগে অনুমোদিত ১৫ সদস্যের গভর্নিং বডির সভাপতি ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিনের আপন বড় ভাই আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন। একই কমিটিতে অধ্যক্ষের পরিবারের আরেক সদস্য তহমিনা বেগম শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন।
এ নিয়ে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে একই পরিবারের একাধিক সদস্য থাকায় প্রতিষ্ঠান পরিচালনায় একটি নির্দিষ্ট পরিবারের প্রভাব তৈরি হয়েছিল। স্থানীয় কয়েকজন আবার ওই পরিবারের কয়েকজন সদস্যের জামায়াতের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগও করেছেন। তবে এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, অধ্যক্ষের কয়েকজন আত্মীয়-স্বজনও মাদ্রাসাটিতে বিভিন্ন পদে চাকরি করছেন। এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে পারিবারিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে বলে তাঁদের দাবি।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন বলেন, তার ভাই আগে গভর্নিং বডির সভাপতি ছিলেন। নতুন সভাপতি নিয়োগের একটি প্রজ্ঞাপন তিনি ফেসবুকে দেখেছেন, তবে এখনো অফিসিয়াল চিঠি হাতে পাননি। আত্মীয়-স্বজনের চাকরির বিষয়ে তিনি বলেন, তারা যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারেন এবং এতে তিনি কোনো অপরাধ দেখেন না।
নতুন সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. আবু জাফর (রেজবী) বলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে। দায়িত্ব নিয়ে তিনি প্রতিষ্ঠানটি সুন্দর ও সফলভাবে পরিচালনার চেষ্টা করবেন। কোনো অনিয়ম বা স্বজনপ্রীতির প্রমাণ পাওয়া গেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করবেন বলেও জানান তিনি।
সৈয়দ মো. আবু জাফর ঢাকার আদালত অঙ্গনের একজন আইনজীবী। তিনি সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ল’ অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে সাউথইস্ট ইউনিভার্সিটি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
নতুন সভাপতি মনোনীত হওয়ার পর স্থানীয় বিএনপি নেতাকর্মী, সাধারণ মানুষ ও আইন অঙ্গনের অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









