বরগুনায় ফোরকান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বরগুনা প্রেস ক্লাবের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় বাসিন্দাসহ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর পাশাপাশি নিহতের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তারা। এতে ফোরকানের পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
নিহত ফোরকানের বাবা শানু হাওলাদার বলেন, আমার ছেলেকে জুয়েল মোল্লা, জিহাদ মোল্লা, নাসির মোল্লারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে। দেড় মাস পেরিয়ে গেলেও একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। পুলিশ শুধু আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানাচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্ট দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে ফোরকানকে তার চাচা শ্বশুরসহ কয়েকজন কুপিয়ে গুরুতর জখম করেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হন। পরে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ফোরকানের মৃত্যু হয়।
ফোরকান বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বেতবুনিয়া গ্রামের শানু হাওলাদারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুই চাচা-শ্বশুরসহ অন্যরা পলাতক রয়েছেন বলে স্বজনদের দাবি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাৎ হাসনাইন পারভেজ অভিযোগ অস্বীকার করে জানান, আসামীরা পলাতক। আমাদের টিম আসামীদের গ্রেপ্তার করার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করেছি। আসামীদের কোনো সন্ধান পেলেই গ্রেপ্তার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









