নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘‘বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষাকেও বহুমুখী করার উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে একটি সুন্দর পরিবেশ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে নারীদের শিক্ষা ও নেতৃত্বে এগিয়ে আসতে হবে।’’
মঙ্গলবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জ শহরের বিদ্যা নিকেতন হাই স্কুলে অনুষ্ঠিত প্রচারণা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়ি’ স্লোগানে এই আয়োজন করা হয়।
এ সময় সাখাওয়াত হোসেন বলেন, ‘‘সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফলাফল করেছে। তাই আজকের অনুষ্ঠানে মেয়েদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। নারীদের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং তাদের শিক্ষা ও নেতৃত্বের সুযোগ সৃষ্টি করতে হবে।’’
তিনি বলেন, ‘‘সুস্থ শরীর ও সুস্থ মন ছাড়া কোনো পরিবার বা সমাজের উন্নতি সম্ভব নয়। শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ভবিষ্যতে নারীরা ডিসি, সচিব, এসপি, প্রধানমন্ত্রী ও মেয়রসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব পর্যায়ে নেতৃত্ব দেবে এটাই আমাদের প্রত্যাশা।’’
নাসিক প্রশাসক শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘‘এখানে বিতরণ করা লিফলেটগুলো ভালোভাবে পড়তে হবে এবং সেখানে দেওয়া নির্দেশনাগুলো পরিবার ও প্রতিবেশীদের জানাতে হবে। ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ির বাথরুমের কমোডসহ কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। বসবাসের স্থান সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।’’
বিদ্যালয় কর্তৃপক্ষের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘‘প্রধান শিক্ষক যেসব দাবি উপস্থাপন করেছেন, সেগুলোর সঙ্গে আমি একমত। বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তবে শুধু সুযোগ-সুবিধা পেলেই হবে না, সেগুলো যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। মা-বাবা ও বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করার পাশাপাশি ফলাফলের দিক থেকেও নারায়ণগঞ্জকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।’’
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডা. মোস্তফা আলীসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









