ঝালকাঠিতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে লঞ্চঘাট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ‘ধানসিড়ি গ্রুপ’।
এতে সদর উপজেলার ৯টি ইউনিয়নের ৯টি দল অংশ নেয়। মিনিপার্ক সংলগ্ন সুগন্ধা নদীর সীমানায় এসে বাইচ শেষ হয়। প্রতিযোগিতায় মাহবুব সিকদারের নেতৃত্বে ‘ধানসিড়ি গ্রুপ’ প্রথম স্থান অর্জন করে। এছাড়া চান মিয়া হাওলাদারের নেতৃত্বে ‘গাবখান গ্রুপ’ দ্বিতীয় এবং সোবাহান হাওলাদারের নেতৃত্বে ‘জাঙ্গালিয়া গ্রুপ’ তৃতীয় স্থান লাভ করে।
বাইচ চলাকালে অংশগ্রহণকারী ও দর্শকদের নিরাপত্তার জন্য নৌ-পুলিশ এবং ফায়ার সার্ভিসের পৃথক দল সুগন্ধা নদীতে সার্বক্ষণিক টহলে ছিল।
প্রতিযোগিতা শেষে মিনিপার্কে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. মহসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আমান উল্লাহ সরকার এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকসহ স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









