রাজশাহীতে ১১১ পিস ইয়াবাসহ বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম বাশিরুল ইসলাম বশির। তিনি রাজশাহী নগরের রাজপাড়া থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজপাড়া থানার ভাটাপাড়া-বাকির মোড় এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর বাড়ি থেকে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাশিরুল ইসলাম ভাটাপাড়া-বাকির মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম বদরুল ইসলাম।
রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান বলেন, বাশিরুল ইসলাম আগের আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ২৪ অক্টোবর ওই কমিটি গঠন করা হয়েছিল। পরে নতুন কমিটি গঠিত হলে তাকে সেখানে রাখা হয়নি। বর্তমানে বিএনপিতে তার কোনো পদ নেই।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বাড়িতে ইয়াবা বিক্রি করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে সেখানে অভিযান চালানো হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ১১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাশিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। মঙ্গলবারই তাকে আদালতে পাঠানো হবে।
তিনি আরো বলেন, আসামি বাশিরুল ইসলামের রাজনৈতিক পরিচয় সম্পর্কে অবগত নন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









