রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক নারী একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। নির্দিষ্ট সময়ের আগেই জন্ম নেওয়া চার নবজাতকের কারও প্রত্যাশিত ওজন নেই। তাদের তাদেরকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঐ নবজাতক মা কে হাসপাতালে ভর্তি করা হয়। তার নাম তিশা খাতুন। তিনি রাজশাহী নগরের সিপাইপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী নয়ন ইসলাম।
নবজাতক মায়ের স্বজনেরা জানান, প্রসববেদনা উঠলে সোমবার বিকেলে তিশাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৩টার দিকে তার সিজারিয়ান সেকশন করা হয়। অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তানের জন্ম হয়। পরে নবজাতকদের ২৬ নম্বর ওয়ার্ডে রাখা হয়।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, চারটি বাচ্চার মধ্যে দুজনের ওজন ১ কেজি করে। একজনের ওজন ১ কেজি ১০০ গ্রাম, আরেকজনের ১ কেজি ৩০০ গ্রাম।
তিনি বলেন, ‘এটা প্রত্যাশিত ওজন না। দেড় থেকে দুই কেজি ওজন হলে কিছুটা স্বাভাবিক ধরা যায়। তারা নির্দিষ্ট সময়ের আগে জন্ম নিয়েছে। শারীরিক অবস্থা ভালো না, খারাপও না। এ জন্য তাদের চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ আরও উন্নত চিকিৎসার জন্য আজই শিশুদের স্ক্যানু ইউনিটে (স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট) স্থানান্তর করা হবে বলেও জানান এই চিকিৎসক।
তিশার স্বামী নয়ন ইসলাম বলেন, ‘আল্লাহ আমাকে একসঙ্গে দুটি করে ছেলে ও মেয়ে দিয়েছেন। তারা যাতে সুস্থ থাকে, এটাই চাওয়া। বড় হয়ে তারা যেন ভালো মানুষ হয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









