‘ফ্যামিলি কার্ড’ শুমারির মাঠপর্যায়ে অস্থায়ী ভিত্তিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সুনামগঞ্জের দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের পদত্যাগ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে দিরাই উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, সম্প্রতি সম্পন্ন ফ্যামিলি কার্ড শুমারির জনবল নিয়োগে নিয়মনীতি উপেক্ষা করে অনিয়ম ও স্বজনপ্রীতি করা হয়েছে। তাদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া বলেন, ‘‘ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন ছিল। কিন্তু এখানে অনিয়ম ও দলীয়করণের অভিযোগ উঠেছে।’’ তিনি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণ এবং বিতর্কিত প্রক্রিয়ায় নিয়োগ পাওয়া ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। দাবি আদায় না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
অভিযোগের বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না।
অবস্থান কর্মসূচিতে দিরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, সদস্য সচিব তানবির চৌধুরী, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিমসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









