ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবরার ফাহাদ হলে ‘ডি’ ইউনিটভুক্ত চার বিভাগের নবীন শিক্ষার্থীদের জন্য ১০০টি সিট এটাচমেন্টের অনুমোদন দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ‘‘শহীদ আবরার ফাহাদ হলে সিট এটাচমেন্ট প্রক্রিয়া শুরুর আগেই ‘ডি’ ইউনিটের নবীনদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ায় তাদের প্রাথমিকভাবে অন্যান্য হলে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে আবরার ফাহাদ হলে একেকটি ব্লকে ৫০০টি সিট রয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৪০০টিতে অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের সিট এটাচমেন্ট দেওয়া হয়েছে। অবশিষ্ট ১০০টি সিট মেধা তালিকার ভিত্তিতে চার বিভাগের প্রতিটিতে ২৫টি করে বরাদ্দ দেওয়ার জন্য প্রভোস্ট কাউন্সিল ও সংশ্লিষ্ট হল প্রভোস্টকে নির্দেশনা দেওয়া হয়েছে।’’
এর আগে আবরার ফাহাদ হলে সিট এটাচমেন্টের দাবিতে গত সোমবার (১৭ আগস্ট) ছাত্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন ‘ডি’ ইউনিটভুক্ত নবীন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন ও পরবর্তীতে উপাচার্য বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, উপাচার্য মহোদয়ের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। তবে আমরা চাই আগামী ১০ কার্যদিবসের মধ্যে এই নির্দেশনার পূর্ণ বাস্তবায়ন হোক। নির্দিষ্ট সময়ে দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে আবরার ফাহাদ হলের প্রভোস্ট অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘‘হলে সিট এটাচমেন্টের বিষয়টি মূলত একাডেমিক শাখা তদারকি করে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যেই একাডেমিক শাখাকে অনুরোধ করা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









