সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিক একাদশ ও রেলওয়ে পুলিশ একাদশের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে রেলওয়ে পুলিশ একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিক একাদশ।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে ম্যাচটির আয়োজন করে স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি, সৈয়দপুর।
খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণাত্মক ও উপভোগ্য ফুটবল উপহার দেয়। দ্বিতীয়ার্ধে রেফারি সাংবাদিক একাদশ ও রেলওয়ে পুলিশ একাদশের একজন করে খেলোয়াড়কে লাল কার্ড দেখান। ফলে ম্যাচের শেষভাগে দুই দলই ১০ জন করে খেলোয়াড় নিয়ে মাঠে নামে। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে সাংবাদিক একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার শফিকুল ইসলাম। তিনি খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুন্নবী, রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী, জ্যেষ্ঠ ক্রীড়াবিদ অধ্যাপক আব্দুল হান্নান, সাংবাদিক, পুলিশ সদস্যসহ বিপুলসংখ্যক দর্শক।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এনটিভির সৈয়দপুর ব্যুরো প্রধান ও সাংবাদিক একাদশের খেলোয়াড় মোকাররম হোসেন।
স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির পৃষ্ঠপোষক সাংবাদিক জসিম উদ্দিন জানান, সাংবাদিকদের সঙ্গে রেলওয়ে পুলিশ একাদশের পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, পেশাগত সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
এর আগে সাংবাদিক একাদশ, সৈয়দপুর থানা পুলিশ একাদশ, আইনজীবী একাদশ ও উপজেলা প্রশাসন একাদশের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়।
বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত থেকে জমজমাট এ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









