শহরের জলাবদ্ধতা দূর ও পানি প্রবাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ঝালকাঠি পৌরসভা এলাকায় খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার অন্তর্গত নয়টি খাল পর্যায়ক্রমে পরিষ্কার করার বিশেষ এ উদ্যোগ হাতে নিয়েছে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।
বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের পূর্ব চাঁদকাঠি ভিআইপি সড়কসংলগ্ন খাল পরিচ্ছন্নতার মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। উদ্বোধনকালে পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ নয়টি খালের বর্জ্য অপসারণ করা হবে। এর পাশাপাশি শহরকে পরিচ্ছন্ন রাখা ও ড্রেনেজ ব্যবস্থার পানি চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির উদ্বোধনকালে পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, কেবল পৌরসভার পক্ষ থেকে খাল ও ড্রেন পরিষ্কার করলেই শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়; এজন্য দরকার নগরবাসীর সচেতনতা।তিনি বাসাবাড়ির বর্জ্য যত্রতত্র বা খালে না ফেলে পৌরসভার নির্দিষ্ট পরিচ্ছন্নতাকর্মীদের কাছে অথবা নির্ধারিত স্থানে ফেলার জন্য শহরবাসীর প্রতি আহ্বান জানান।
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, খালগুলো দখলমুক্ত ও পরিষ্কার রাখার পাশাপাশি পৌরসভার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









